প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৬:০৮ পিএম
দুর্নীতির বিরুদ্ধে প্রথম কমিটি গঠন করে প্রয়োজনে সংবাদ সম্মেলন ও ক্যামেরা ডেকে অনিয়মের তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, স্পিকার নিজে দুর্নীতি করলেও তা সবার আগে প্রকাশ করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। ককাসের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের উপস্থিতিতে তিনি দেশের রাজনীতি, নির্বাচন, দুর্নীতি ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিয়ে বক্তব্য দেন।
দুর্নীতির ভয়াবহতা তুলে ধরতে গিয়ে স্পিকার সাবেক সরকারের সমালোচনা করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী এখন প্রতিবেশী রাষ্ট্রে আশ্রিত এবং কথামালার রাজনীতির মহান কারিগর। তার পিএসই ৪০০ কোটি টাকার মালিক। এতে কারা দুর্নীতি করে তা সহজেই বোঝা যায়। অবশ্য শুরুতে মুখ ফসকে ‘প্রধানমন্ত্রীর পিএস’ বলে ফেললে দর্শক সারি থেকে বিষয়টি ধরিয়ে দেওয়া হয়। তখন রসিকতা করে স্পিকার বলেন, যাই হোক, আমি মিন করেছি ৪৫০ কোটি টাকা।
ককাস সদস্যদের উদ্দেশে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুর্নীতির বিরুদ্ধে আপনারা প্রেস কনফারেন্স করবেন, ক্যামেরাকে ডেকে বলবেন এই এই দুর্নীতি হয়েছে। স্পিকার দুর্নীতি করলে সেটাও বলবেন, এক নম্বরে বলবেন স্পিকারের কথা। তারপর চিফ হুইপ ও মাহবুব উদ্দিন খোকনের কথাও বলবেন। মাহবুব উদ্দিন খোকন ওকালতি করে অনেক পরিশ্রমে টাকা বানিয়েছেন উল্লেখ করে স্পিকার রসিকতা করে বলেন, তিনি এখন ১৬ ঘণ্টা কাজ করেন, সেই সময় কমিয়ে ককাসে সময় দিতে হবে।
দেশের মানুষের বঞ্চনার জন্য রাজনীতিবিদদেরই দায়ী করেন স্পিকার। তিনি বলেন, একসময় আমলারা রাজনীতিবিদদের চেয়ে শক্তিশালী থাকলেও আশির দশকের পর থেকে দেশ পরিচালনার চালিকাশক্তি রাজনীতিবিদদের হাতে চলে এসেছে। এখন গ্রামের ছোটখাটো রাজনৈতিক কর্মীও অনেক ক্ষমতাবান। রাজনীতি এখন সর্বগ্রাসী, তাই রাজনীতি ঠিক হলে দেশ ঠিক হয়ে যাবে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে স্পিকার বলেন, দুই বছর আগেও সবাই হতাশ ছিলেন যে দেশ আর রাহুমুক্ত হবে না। কিন্তু সাধারণ মানুষের ‘পিপলস পাওয়ার’ কত শক্তিশালী তা জুলাই-আগস্টে দেখা গেছে। সাধারণ মানুষ রাজপথে না নামলে এই মাফিয়াদের বিদায় করা যেত না এবং দুর্দান্ত প্রতাপশালী নেত্রী ও নেতারা মুহূর্তের মধ্যে পালাতে বাধ্য হতেন না।
বিগত তিনটি জাতীয় নির্বাচনের সমালোচনা করে তিনি জানান, ২০১৮ সালের নির্বাচনে প্রার্থী হওয়া সত্ত্বেও তাকে নিজের এলাকা ভোলায় যেতে দেওয়া হয়নি, লঞ্চ ভেঙে নদীর ওপারে নিয়ে যাওয়া হয়েছিল। পরে পুলিশ প্রোটেকশনে এলাকায় গেলে ১৬ দিন তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়। আর পাশে বসা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে নির্বাচনী প্রচারণাকালে ছয় গজ দূর থেকে সামনাসামনি গুলি করেছিল ইউনিফর্ম পরা পুলিশ।
সেই অন্ধকার যুগ থেকে দেশ মুক্তি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সংসদ জেনুইনলি নির্বাচিত। এখন নির্বাচন সুষ্ঠু না করে উপায় নেই, রিগিং করা খুবই কঠিন, সুষ্ঠু নির্বাচন না করলে দেশে আগুন লেগে যাবে। এ ছাড়া অর্থবিত্তহীন মানুষও যেন নির্বাচনে দাঁড়াতে পারেন এবং কালো টাকার ব্যবহার বন্ধ হয়, সে জন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসন প্রথা বিলুপ্ত করার পক্ষে নিজের ব্যক্তিগত মত তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, প্রথম সংসদে নারীরা পিছিয়ে ছিলেন বলে ১৫টি আসন সংরক্ষিত রাখা হয়েছিল এবং স্পিরিট ছিল এটি আস্তে আস্তে বিলুপ্ত হবে। কিন্তু এখন তা বাড়তে বাড়তে ৫০টি হয়েছে। এভাবে সংরক্ষিত আসন থাকলে নারীরা কখনো স্বাবলম্বী হবেন না। এখন অনেক যোগ্য ও শিক্ষিত নারী সরাসরি নির্বাচন করে পুরুষ প্রার্থীকে হারিয়ে সংসদে আসছেন। এবারের সংসদে ছয়জন নারী ব্যারিস্টারসহ সাত-আটজন সরাসরি নির্বাচিত নারী এমপি রয়েছেন, যারা চমৎকার বক্তব্য দেন। তাই মনোনয়ন প্রথা তুলে দিয়ে প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর জন্য এক-তৃতীয়াংশ নারী মনোনয়ন বাধ্যতামূলক করা যেতে পারে।
এসময় স্পিকার তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (১৯৬১-৬৫) শিক্ষক প্রফেসর রেহমান সোবহান ও ড. রওনক জাহানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ষাটের দশকে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যের বিরুদ্ধে রেহমান সোবহানের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, এ দেশের জ্ঞানী-গুণী ব্যক্তিদের প্রাপ্য সম্মান দেওয়া হয় না। পাশাপাশি এই সর্বদলীয় ককাস গঠনের পেছনে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন স্পিকার।
তিনি আশা প্রকাশ করেন, অতীতের মতো দলীয় সিদ্ধান্তে সংসদ বা ককাস বর্জনের সংস্কৃতিতে না গিয়ে এই ককাস দেশের সাড়ে তিন কোটি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনে ঐতিহাসিক ভূমিকা রাখবে।