• ঢাকা মঙ্গলবার
    ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

করোনা টিকা উৎপাদনে চীন-বাংলাদেশ চুক্তি সম্পন্ন

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ১১:১৫ এএম

করোনা টিকা উৎপাদনে চীন-বাংলাদেশ চুক্তি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে যৌথভাবে করোনার টিকা উৎপাদনে চীনের সিনোফার্ম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস) মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াসহ আরও অনেকে।

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক টিকার প্রয়োজন। চীনের সিনোফার্মের টিকা দেশে উৎপাদন হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী দেশেই টিকা তৈরির নির্দেশনা দিয়েছেন। দেশের চাহিদা মিটিয়ে আমরা অন্যান্য দেশেও টিকা রফতানি করব।’ 

তিনি আরও বলেন, ‘এক কোটি টিকা আমাদের হাতে আছে। ১৩ কোটি মানুষকে (৮০ শতাংশ) দুই ডোজ করে টিকা দিতে মোট ২৬ কোটি ডোজ টিকা প্রয়োজন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা নিজেরাই টিকা উৎপাদনের প্রস্তুতি নিচ্ছি।’

টিআর/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ