প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:২২ পিএম
নারীকে বিকৃতভাবে উপস্থাপন করলে কেউ চুপ করে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
এসময় জামায়াতের আমির শফিকুর রহমানের বিতর্কিত এক্স পোস্টের কথা উল্লেখ করে রিজভী বলেন, জামায়াতের আমির দাবি করছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হয়েছিল। এই অল্প সময়ের জন্য কীভাবে আইডি হ্যাক হয়, সেটাই রহস্যজনক।
জামায়াতের আমিরের সেই পোস্টে নারীদের নিয়ে যে বক্তব্য প্রকাশ পায়, তা তাদের প্রতি অবমাননার শামিল উল্লেখ করে তিনি বলেন, আপনাদের আচরণ দেখেই বোঝা যায়, ভবিষ্যতে নারীদের প্রতি আপনারা কী ধরনের আচরণ করতে পারেন। ধর্মের নামে রাজনৈতিক বক্তব্য দিয়ে নারীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে বিকৃতভাবে উপস্থাপন করলে কেউ চুপ করে বসে থাকবে না।
এরপর আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমিরের বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নারীরা সংসদ সদস্য হতে পারবে, কিন্তু দলীয় প্রধান হতে পারবে না— এ ধরনের মন্তব্য স্পষ্টভাবে বৈষম্যমূলক। জামায়াত গণতন্ত্র ও স্বাধীনতার জন্য কোনো সংগ্রাম করেনি।
বিজ্ঞাপন
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, প্রচার সম্পাদক তাহমিনা আফরিন নীতা এবং সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।