• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

এমপি গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:৫৯ পিএম

এমপি গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

সিটি নিউজ ডেস্ক

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের বিষয়টি জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে অবহিত করেছে দলটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত সংশ্লিষ্টদের পৃথক চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও বলা হয়, গতকাল ২২ জুলাই (বুধবার) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসিকে বলা হয়েছে।

এর আগে, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, শুধু দলের বহিষ্কারের ভিত্তিতেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত হবে না; সংসদের তরফ থেকে চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে এমপি পদ থাকার কথা নয়। কিন্তু দল থেকে বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী এমপি পদ যাওয়ার সুযোগ নেই।

এছাড়াও সংবিধান অনুযায়ী স্পিকারের কাছ থেকে সংসদের চিঠি পাওয়ার পর বিচার-বিশ্লেষণ করে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নির্বাচন কমিশন বলে জানান ইসি আব্দুর রহমানেল মাছউদ।

প্রসঙ্গত, গত সোমবার রাত থেকে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা যায়।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ