প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৮:৪৫ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জে তিনটি সরকারি খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (০৩ মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে গায়েরগাড়ী, নাকাটি বটতলা ও বরাগাড়ী খাস পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐ ২ জন মারা যান।
নিহতরা হলেন ধামাইনগর ইউনিয়নের কানাদিঘি গ্রামের মনছের আলীর ছেলে মো. ইসমাইল হোসেন এবং নাকাটি বটতলা গ্রামের মো. ময়দান আলীর ছেলে মো. আব্দুস ছালাম।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।