• ঢাকা শনিবার
    ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০১:১১ পিএম

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

টাঙ্গাইল প্রতিনিধি

পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে গিয়ে টাঙ্গাইলের মধুপুরে বাবা-ছেলেসহ গারো নৃ-গোষ্ঠীর ৪ জনের মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের টেলকিতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে লাশগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন- টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য লাল মিয়াসহ স্থানীয়রা জানান, বাবুল হাদিমার একটি ছাগল ছানা টেলকি বাজারের উত্তর পশ্চিমের মসজিদ এলাকার একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। ওই ছাগল ছানা  তুলতে প্রথমে কূপে নামে নেইমার। কিছু সময় পার হয়ে গেলেও নেইমারের সাড়া না  পেয়ে দ্বিতীয়বার নামে বাবুল হাদিমা। একইভাবে গাব্রিয়াল এবং শেষে রতন। একে একে কূপে নামা চারজনের কারও সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করে। পরে আশপাশের লোকজন ছুটে আসে এবং ফায়ার সার্ভিস ও পুলিশের খবর দেয়। ফায়ার সার্ভিস এসে অক্সিজেনহীন পরিত্যক্ত কূপে প্রক্রিয়া করে ফায়ার ফাইটার মনিরকে কূপে নামিয়ে দিয়ে একে একে তাদের লাশ উদ্ধার করে। 

মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক জানান, চার লাশ ফায়ার সার্ভিসের কাছ থেকে গ্রহণ শেষে আইনি প্রক্রিয়া চলছে। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ