• ঢাকা শুক্রবার
    ৩১ জুলাই, ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬, ১১:৪৭ এএম

নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগটি দায়ের করেন। অভিযোগে নাম উল্লেখ করে ১০ জন এবং অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, গত ২৮ জুলাই হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায় সংঘর্ষের সময় এনসিপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে কয়েকজন আহত হন। এ সময় কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

তবে একই ঘটনাকে কেন্দ্র করে এর আগে এনসিপিও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। দলটির দাবি, পদযাত্রা শেষে ফেরার পথে ছাত্রদলের হামলায় সারজিস আলমসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন এবং একজন কর্মী একটি চোখের দৃষ্টিশক্তি হারান।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এখনও মামলা রেকর্ড হয়নি। অভিযোগটি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ