• ঢাকা সোমবার
    ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

ইসরাইলে হিজবুল্লাহর হামলা দায়িত্বজ্ঞানহীন: লেবাননের প্রধানমন্ত্রী

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১০:৩০ এএম

ইসরাইলে হিজবুল্লাহর হামলা দায়িত্বজ্ঞানহীন: লেবাননের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলকে লক্ষ্য করে রকেট হামলার কঠোর সমালোচনা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। এই হামলা লেবাননের নিরাপত্তাকে আরও বেশি সংকটের মুখে ফেলেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যৌথ আক্রমণ শুরু হওয়ার পর বাংলাদেশ সময় সোমবার ভোরে উত্তর ইসরাইলের বন্দরনগরী হাইফা ও আশপাশের অঞ্চল লক্ষ্য করে রকেট ছোড়া হয় লেবানন থেকে। কারা রকেট ছুড়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর দাবি, রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

হিজবুল্লাহ অবশ্য এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর এই প্রথম লেবানন থেকে রকেট ছোড়া।

তবে এ বিষয়ে রোবববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নাওয়াফ বলেন, ‘এই হামলা ছিল একটি দায়িত্বজ্ঞানহীন এবং সন্দেহজনক একটি পদক্ষেপ। এ ধরনের হামলা লেবাননের নিরাপত্তাকে আরও বেশি বিপন্ন করে তোলে এবং ইসরাইলকে আগ্রাসন চালিয়ে যাওয়ার আজুহাত যোগায়।’

তিনি বলেন, ‘আমরা লেবাননকে আর নতুন কোনো অ্যাডভেঞ্চারে যুক্ত করতে চাই না, এবং লেবাননের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা জরুরি পদক্ষেপ নিচ্ছি।’

আর্কাইভ