প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৬:৪৪ পিএম
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। শুক্রবার (৬ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় ইরানি সেনাবাহিনীর স্থলবাহিনীর ড্রোন ইউনিট কুয়েতের বিভিন্ন এলাকায় থাকা মার্কিন ঘাঁটিগুলোতে লক্ষ্যভিত্তিক আঘাত হেনেছে।
বিবৃতিতে আরও বলা হয়, এটি কেবল অভিযানের সূচনা। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও বড় পরিসরে হামলা চালানো হতে পারে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে ইরানের মূল ভূখণ্ড ও নৌবাহিনীর ওপর চালানো হামলার প্রতিশোধ হিসেবেই এই ড্রোন অভিযান শুরু করা হয়েছে।
গত কয়েকদিন ধরে তেহরান সতর্ক করে দিয়ে আসছিল যে, যেসব প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাচ্ছে, সেসব দেশও পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়বে।
ধারণা করা হচ্ছে, কুয়েতের ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান বিপুল সংখ্যক ‘কামিকাজে’ বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে।
এই ঘটনার পর কুয়েতসহ আশপাশের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এর আগে কুয়েতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক শিশুসহ চারজন নিহত হওয়ার ঘটনাও ঘটে।
তবে কুয়েতের ঘাঁটিগুলোতে হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে— সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি পেন্টাগন।