প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৭:০৮ পিএম
নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) শীর্ষ নেতা বালেন্দ্র শাহ (বালেন)। শুক্রবার (২৭ মার্চ) দেশটির রাষ্ট্রপতি ভবন ‘শীতল নিবাস’-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।
পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও জনপ্রিয় এই সাবেক র্যাপার নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। দেশটিতে এই প্রথম মধেসি সম্প্রদায়ের কোনো নেতা প্রধানমন্ত্রী হলেন।
গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে ঝাপা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সিপিএন-ইউএমএল-এর শক্তিশালী চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে বিপুল ভোটে পরাজিত করেন বালেন্দ্র শাহ। আসনটি দীর্ঘদিন ধরে ওলির একচেটিয়া দুর্গ হিসেবে পরিচিত ছিল।
এর আগে ২০২২ সালের স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সবাইকে চমকে দিয়ে রাজধানী কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন বালেন্দ্র শাহ। পদত্যাগ করার আগে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত তিনি অত্যন্ত সফলতার সঙ্গে কাঠমান্ডুর মেয়রের দায়িত্ব পালন করেন।
তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় এই নেতা ২০২৫ সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে (আরএসপি) যোগ দিয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন।