প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৫:১০ পিএম
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ খতিবজাদেহ বলেছেন, ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না; বরং পুরো অঞ্চলে চলমান যুদ্ধের স্থায়ী অবসান চায় তারা। খবর আল জাজিরার।
শুক্রবার (১৭ এপ্রিল) আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে অংশ নিয়ে এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যে-কোনো যুদ্ধবিরতিতে সব সংঘাতপূর্ণ এলাকা (লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত) অন্তর্ভুক্ত থাকতে হবে। এটিকে ইরানের জন্য ‘রেড লাইন’ বলেও উল্লেখ করেন তিনি।
খতিবজাদেহ বলেন, আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করছি না। তিনি আরও বলেন, সংঘাতের এই চক্র এখানেই একবারে শেষ হওয়া উচিত।
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, ঐতিহাসিকভাবে এই নৌপথ সবসময় উন্মুক্ত ছিল। এটি ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে হলেও দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।
এছাড়া, তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির জন্য দায়ী করেন। পাশাপাশি তাদের কর্মকাণ্ড বৈশ্বিক বাণিজ্য ও বৃহত্তর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।