প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৮:৩৮ পিএম
ভারতের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তিনি ভারতকে “সবচেয়ে বড় সন্ত্রাসী” হিসেবে আখ্যায়িত করে বলেন, “কেউ তাদের কথা শোনে না, কেউ বিশ্বাসও করে না।”
বৃহস্পতিবার (৭ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এই বক্তব্য প্রকাশ করে। ‘মারকা-ই-হক’-এর এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আহমেদ শরিফ চৌধুরী দাবি করেন, ‘মারকা-ই-হক’-এর মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার ভারতীয় অভিযোগ “ভিত্তিহীন প্রমাণিত” হয়েছে। তার মতে, পাকিস্তান আঞ্চলিক নিরাপত্তার প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ভারত কাশ্মীরসহ সংখ্যালঘু ইস্যুতে মানবাধিকার লঙ্ঘন করছে এবং নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে।
সংবাদ সম্মেলনে তিনি ভারতীয় গণমাধ্যম ও সামরিক-রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করে বলেন, দেশটির সামরিক বাহিনী ও রাজনীতির মধ্যে “বিপজ্জনক রাজনীতিকরণ” ঘটেছে।
পাকিস্তান সেনাবাহিনীর এই মন্তব্যকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা আবারও সামনে এসেছে বলে কূটনৈতিক মহল মনে করছে।