প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৮:৩৯ এএম
যুক্তরাষ্ট্র কর্তৃক বাণিজ্যিক জাহাজে ইরানি ড্রোন হামলার অভিযোগ করার এক দিন পরই ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৬ জুন) ইউএস সেন্ট্রাল কমান্ড এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, ‘হামলার কড়া জবাব’ দেওয়া হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকম জানায়, মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্টেশন এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে যখন ব্যবসা-বাণিজ্য বাড়ছে, তখন ইরানের এমন বিপজ্জনক আচরণ নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে— এই ঘোষণার পর ইরানের সিরিক বন্দরের কাছে মার্কিন হামলার খবর পাওয়া গিয়েছে।
এর আগে, শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সতর্কবার্তা দিয়ে সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলিতে হওয়া হামলাকে ১৭ জুনের সমঝোতা স্মারকের ‘বোকামিপূর্ণ লঙ্ঘন’ বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওই সমঝোতা হয়।
সমঝোতায় ‘লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। এর মাধ্যমে মূলত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ স্থগিত করা হয়।