• ঢাকা মঙ্গলবার
    ২৩ জুন, ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

গাজায় আশ্রয় সংকট, তীব্র দাবদাহে তাঁবুতে বসবাস অন্তত ১০ লাখ মানুষের

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৯:৪৮ এএম

গাজায় আশ্রয় সংকট, তীব্র দাবদাহে তাঁবুতে বসবাস অন্তত ১০ লাখ মানুষের

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজায় গ্রীষ্মকাল শুরু হলেও প্রায় ১০ লাখ মানুষ এখনও তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) জানিয়েছে, আশ্রয় সংকট ও ত্রাণসামগ্রীর ঘাটতির কারণে পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গাজা ও পশ্চিম তীরে জরুরি আশ্রয় সহায়তা কার্যক্রম পরিচালনাকারী ‘শেল্টার ক্লাস্টার’-এর হিসাব অনুযায়ী বর্তমানে প্রায় ১ লাখ ৭০ হাজার পরিবার তাঁবুতে বসবাস করছে। এছাড়া প্রায় ৫ হাজার পরিবার খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছে এবং আরও ৫২ হাজার পরিবার অতিরিক্ত ভিড়ের মধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

এনআরসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসেও প্রায় ৮ লাখ ৫০ হাজার মানুষের জন্য প্রয়োজনীয় আশ্রয়সামগ্রী যেমন প্লাস্টিক শিট, প্লাইউড ও দড়ির ঘাটতি রয়েছে। ফলে বাস্তুচ্যুত মানুষের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

সংস্থাটি বলছে, গাজার সংকট শুধু আবহাওয়ার কারণে নয়; দীর্ঘস্থায়ী সংঘাত, ব্যাপক ধ্বংসযজ্ঞ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তা পৌঁছাতে নানা বাধার কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, গ্রীষ্মকালে তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এতে তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে থাকা মানুষের স্বাস্থ্যঝুঁকি এবং দুর্ভোগ আরও বাড়বে।

প্রায় ৯৮৭ দিনের সংঘাতের পরও লাখো মানুষ স্থায়ী আবাসন থেকে বঞ্চিত। মানবিক সংস্থাগুলোর আশঙ্কা, দ্রুত আশ্রয়সামগ্রী সরবরাহ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার না হলে গাজার চলমান মানবিক সংকট নতুন মাত্রা পেতে পারে।

আর্কাইভ