• ঢাকা বুধবার
    ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

ইরাকের জলসীমায় তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৭:০৪ পিএম

ইরাকের জলসীমায় তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে ইরাকের আল-ফাও এলাকার দক্ষিণ-পূর্বে দেশটির জলসীমায় এ হামলা হয়।

বার্তা সংস্থা রয়টার্জ জানিয়েছে, হামলার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। যদিও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, আল-ফাও থেকে প্রায় ৫২ কিলোমিটার বা ২৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানার খবর তারা পেয়েছে।

জাহাজটির মাস্টার জানিয়েছেন, হামলার পরও সব ক্রু নিরাপদে রয়েছেন। এখন পর্যন্ত কোনো পরিবেশগত ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ইরাকের বন্দর কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পানামার পতাকাবাহী ‘নিউ অ্যান্ড্রোস’ নামের ট্যাংকারটি হামলার শিকার হয়। জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি ফুয়েল অয়েল ছিল। এতে থাকা ২২ জন ক্রুর কেউ হতাহত হননি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনের আঘাতের পর ট্যাংকারটিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এই হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি। তবে ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনার কারণে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 

আর্কাইভ