প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৭:৩৭ পিএম
সুদানের পশ্চিম কর্ডোফান রাজ্যে আল-জারা সোনার খনি ধসে অন্তত ৬৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে থাকা পশ্চিম কর্ডোফানের আল-নুহুদের কাছে মাইন ধসে ৬৭ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। জীবিতদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। খনিতে শ্রমিকদের জন্য মৌলিক নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার অভাবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, আরএসএফ-নিয়ন্ত্রিত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বা পর্যাপ্ত সুরক্ষা ও উদ্ধার সরঞ্জাম ছাড়া খনি খনন কাজটিকে বেসামরিক নাগরিকদের জীবনের জন্য সরাসরি ঝুঁকিতে পরিণত করেছিলো। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রেখে দুর্যোগ মোকাবেলার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও লজিস্টিক সংস্থান সরবরাহের আহ্বান জানানো হচ্ছে।
সুদান ডক্টরস নেটওয়ার্ক এলাকাটির নিয়ন্ত্রণাধীন কর্তৃপক্ষকে বেসামরিক নাগরিক ও খনি শ্রমিকদের সুরক্ষার দায়িত্ব গ্রহণ করতে এবং অনুরূপ দুর্ঘটনা প্রতিরোধে অনিয়ন্ত্রিত খনি কার্যক্রম বন্ধ করার আহ্বানও জানিয়েছে।
উল্লেখ্য, সুদান জুড়ে ক্ষুদ্র খনি শিল্প ২০ লক্ষেরও বেশি মানুষকে কর্মসংস্থান দিয়েছে। সুদানি সরকার ক্ষুদ্র খনি খনন নিষিদ্ধ না করলেও এই খাতটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, যা ঝুঁকি থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক সুদানি নাগরিকের জীবিকা নির্বাহের সুযোগ করে দেয়।