প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০২:০৮ পিএম
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, মাত্র ২১২ দিনের মধ্যেই বর্তমান সরকার অনেক ইতিবাচক ফলাফল এনেছে। গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সালেহ শিবলী বলেন, ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকার পরও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ২০২২ সালে তাদের স্কুল ও অফিসের সময় কমিয়ে আনতে হয়েছিল। অথচ বর্তমান সরকার এই অল্প কয়েক মাসের মধ্যেই জনজীবনে শান্তি-শৃঙ্খলা ফেরাতে আন্তরিকভাবে কাজ করছে।
তিনি বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ বা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে সরকার। তাই এডিস মশার লার্ভা ধ্বংসে বাসার আশপাশের জমা পানি ফেলে দিয়ে নিয়মিত চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিএনপি সরকার জনগণের কাছে একটি জবাবদিহিমূলক সরকার উল্লেখ করে প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। তিনি নিয়মিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রেখে যেকোনো সমস্যার দ্রুত সমাধান দিচ্ছেন।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ১৫০ টাকায় সাধারণ খাবার খাচ্ছেন—এটি বড় বিষয় নয়, বরং তার দৈনন্দিন কাজের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন যে ক্ষমতা ভোগের জন্য নয়, এটি একটি দায়িত্ব। এর মাধ্যমে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে এবং তারা দেখছে যে প্রধানমন্ত্রী তাদের সঙ্গেই আছেন।