• ঢাকা মঙ্গলবার
    ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

হরমুজ প্রণালীতে ‘ভুয়া মার্কিন পথ’ নিয়ে ইরানের কঠোর সতর্কবার্তা

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০২:২৫ পিএম

হরমুজ প্রণালীতে ‘ভুয়া মার্কিন পথ’ নিয়ে ইরানের কঠোর সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দেখানো তথাকথিত ‘ভুয়া পথ’ অনুসরণ না করার জন্য সতর্ক করেছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের উত্থাপিত সাতটি শর্ত মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগত এই জলপথ খুলে দেওয়া হবে না।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা গেছে, দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জাহাজগুলোকে হরমুজ প্রণালী অতিক্রমের সময় যুক্তরাষ্ট্রের নির্দেশিত বিকল্প পথ অনুসরণ না করার পরামর্শ দিয়েছেন।

তিনি সতর্ক করে বলেন, এসব তথাকথিত পথ ব্যবহার করলে জাহাজগুলো সমুদ্রের মাইন, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের মতো ভয়াবহ ঝুঁকিতে পড়তে পারে।

আকরামিনিয়ার ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে হলে ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সমন্বয় করতে হবে। পাশাপাশি তাদের নির্দেশিত নৌপথই অনুসরণ করতে হবে।

ইরানি এই সামরিক কর্মকর্তা আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো এখনো ইরানের দৃষ্টিতে বৈধ লক্ষ্যবস্তু। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ভুল হিসাব বা উসকানিমূলক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে অত্যন্ত কঠোর। এমনকি সেই প্রতিক্রিয়া ভৌগোলিক সীমানাও ছাড়িয়ে যেতে পারে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌ-সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং হরমুজ প্রণালীতে হামলা ও উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই ইরানের পক্ষ থেকে এমন কঠোর বার্তা এলো। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আল জাজিরা

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ