• ঢাকা মঙ্গলবার
    ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে মৃত্যুদণ্ড থেকে স্বপ্না খাতুনকে খালাস দিলেন হাইকোর্ট

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০২:২৭ পিএম

যে কারণে মৃত্যুদণ্ড থেকে স্বপ্না খাতুনকে খালাস দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেও, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, স্বপ্না খাতুনের ক্ষেত্রে আদালতের পর্যালোচনা এবং পর্যবেক্ষণ হচ্ছে, যেহেতু মূল অপরাধটি হচ্ছে ধর্ষণ এবং পরে হত্যাকাণ্ড ঘটানো, সোহেল রানার জবানবন্দিতে তাকে নিজে সম্পৃক্ত করা ছাড়া স্বপ্ন খাতুনের কোনো সম্পৃক্ততা সে উল্লেখ করেনি এবং আদালতও বলেছেন যে, কোনো একটা ধর্ষণ কাজে কোনো একজন নারী তার স্বামীকে সহযোগিতা করার কোনো সুযোগ নেই।

​আদালত আরো বলেছেন যে, অন্যান্য যে সব সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, তাদের সাক্ষ্য থেকে প্রমাণিত হয় স্বপ্ন খাতুন তার স্বামীকে বাঁচানোর জন্য তিন তলার গ্রিল কেটে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, কিন্তু মূল যে অভিযোগ এবং মূল যে অপরাধ ধর্ষণ এবং হত্যা, তার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ হয়নি। এই বিবেচনায় আদালত স্বপ্ন খাতুনকে খালাস দিয়েছেন।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণ বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে আইনজীবী হাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন। এসময় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাও আদালতে উপস্থিত ছিলেন।

আর্কাইভ