• ঢাকা বুধবার
    ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
বললেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক

ঠাকুরগাঁও জামায়াত আমির বেলালের টাকা বহনে অনাপত্তি দিয়েছিল কাস্টমস কর্তৃপক্ষ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:৪৩ পিএম

ঠাকুরগাঁও জামায়াত আমির বেলালের টাকা বহনে অনাপত্তি দিয়েছিল কাস্টমস কর্তৃপক্ষ

সিটি নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিনকে টাকা বহনের ব্যাপারে ঢাকার কাস্টমস কর্তৃপক্ষ অনাপত্তি দিয়েছিল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ  বলেন, বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করলে তারা টাকা বহনে অনাপত্তি জানান। এ ছাড়া অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই।

আজ বুধবার দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রায় ৫০ লাখ টাকাসহ তাঁকে আটক করা হয়েছে। তিনি বলছেন, এটা তাঁর ব্যবসার টাকা।’

আটকের পর সাংবাদিকদের হাতে আসা একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায়, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তাঁর ব্যবসার টাকা।

বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম দবিরুল ইসলাম। বেলাল উদ্দিন বর্তমানে বিমানবন্দরের ভেতরে যৌথ বাহিনীর হেফাজতে রয়েছেন।

এদিকে টাকাসহ আটকের পর জিজ্ঞাসাবাদের সময় জামায়াত নেতা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

বিকেল ৩টার পর সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশের সাজানো নাটক।

সংবাদ সম্মেলনের শেষে তিনি জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ তাঁদের জানিয়েছেন, জামায়াত নেতাকে টাকা বহনের এনওসি দেওয়া হয়েছিল। অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই বলেও তিনি তাঁদের জানিয়েছেন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ