• ঢাকা সোমবার
    ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

জনমুখী সব বিষয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় কুমার ভার্মা

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৩:৩৮ পিএম

জনমুখী সব বিষয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় কুমার ভার্মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (২ মার্চ) রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বাণিজ্য, অর্থনীতি ও জনমুখী সব বিষয়ে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত আগ্রহী।

তিনি বলেন, বাংলাদেশ–ভারতের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ভৌগোলিক নৈকট্যকে নতুন অর্থনৈতিক সুযোগে রূপান্তর করা সম্ভব, এবং একসঙ্গে কাজ করলে উভয় দেশই আরও বেশি অর্জন করতে পারবে।

এদিকে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১১ বিলিয়ন ডলার। আগামী দিনে বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, স্থলবন্দর বিষয়েও কথা হয়েছে—বর্তমানে বেনাপোল–পেট্রাপোল বন্দর খোলা রয়েছে; অন্যান্য স্থলবন্দর চালু এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।

বিভিন্ন রপ্তানি পণ্যে ভারতের আরোপিত নিষেধাজ্ঞার প্রসঙ্গও হাইকমিশনারের নজরে আনা হয়। এ বিষয়ে জানানো হয়, গত দেড় বছরে উভয় পক্ষের কিছু পদক্ষেপের ফলে বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তবে বাণিজ্য প্রসারের পথ উন্মুক্ত হলে এসব সমস্যার সমাধান সম্ভব। হাইকমিশনার এ বিষয়ে ভারতের অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।

হরমুজ প্রণালীতে উদ্ভূত পরিস্থিতির প্রভাবে জাহাজভাড়া বৃদ্ধি হতে পারে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী কয়েক দিনের মধ্যে সমস্যার সমাপ্তি ঘটলে পরিস্থিতি আবার স্বাভাবিকতায় ফেরত আসবে। তিনি আশ্বস্ত করে বলেন, এই মুহূর্তে নিত্যপ্রয়োজনীয় আমদানি পণ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে কোনো শঙ্কা নেই।
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ