প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০২:৪৩ পিএম
প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আজ শুক্রবার থেকে শুরু হওয়া ঈদ যাত্রার ট্রেনে গন্তব্যে ফিরতে শুরু করেছেন লোকজন। ঈদ যাত্রার প্রথম দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভিড় এড়াতেই আগেভাগে বাড়ি ফিরছেন বলে জানিয়েছেন যাত্রীরা।
শুক্রবার (১৩ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, স্টেশনে যাত্রীদের প্রচণ্ড ভিড়। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
মিনহাজুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ভার্সিটির ক্লাস বন্ধ তাই কিছুদিন আগেই বাড়িতে চলে যাচ্ছি। ঈদের পর পরীক্ষা আছে খুব তাড়াতাড়ি ফিরতে হবে।
তাছাড়া কয়েকদিন পর ভিড় বাড়বে। তাই আগেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
চাঁপাইনবাবগঞ্জের যাত্রী সোনিয়া বলেন, কয়েকদিন পর ভিড় বাড়বে। বাচ্চাদের নিয়ে তখন যাওয়া কষ্টকর হবে।
বাবুর আব্বু ঢাকায় থাকছে, ঈদের দুইদিন আগে বাড়িতে যাবে। আমি বাচ্চাদের নিয়ে একটু আগে যাচ্ছি।
মিতু নামের আরেক যাত্রী বলেন, পরিবারের সঙ্গে ঈদ কাটাতে বাড়িতে যাচ্ছি। এবার বেশ কিছুদিন থাকবো। ট্রেনে যাতায়াত আরামদায়ক, প্রতিবছরই ট্রেনে যাই।
এদিকে, ঈদযাত্রাকে কেন্দ্র করে স্টেশন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। তিন স্তরের টিকিট চেকিং কার্যক্রম শেষে যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন।