• ঢাকা সোমবার
    ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

মন্ত্রণালয়ে দুর্নীতি করলে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৬:২৫ পিএম

মন্ত্রণালয়ে দুর্নীতি করলে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষা মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করলে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২০ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আ ন ম এহছানুল হক বলেছেন, এসএসসি পরীক্ষার কোর্স যখন শেষ হবে সেই অনুযায়ী পরীক্ষা হবে। জানুয়ারিতে ক্লাস শুরু হবে, ডিসেম্বরে শেষ হবে। সে অনুযায়ী পরীক্ষা ডিসেম্বরে হবে এবং এই মন্ত্রণালয়ের কেউ দুর্নীতি করলে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।    

শিক্ষামন্ত্রী জানান, প্রশ্ন ফাঁস ও নকল রোধে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে, যেখান থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। পাশাপাশি সমন্বয় জোরদারে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, যেখানে ডিসি, ইউএনও, এসপি, পুলিশসহ স্কুল-কলেজের দায়িত্বশীলদের যুক্ত করা হয়েছে। যদি কোনো দুষ্টচক্র পরীক্ষার ক্ষতিসাধনের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

কোচিং সেন্টার প্রসঙ্গে আ ন ম এহছানুল হক বলেন, ক্লাস নিয়মিত হলে কোচিংয়ের প্রয়োজন থাকবে না, সেদিকে নজর দিচ্ছে সরকার।

এছাড়া, তিনি আরও বলেন, সরকারের কোনো নিবন্ধন নিয়ে কোচিং সেন্টার গড়ে উঠেনি, পরীক্ষার সময় কোচিং খোলা রাখা বা না রাখার বিষয়ে সরকারের কোনো নিয়ম নেই।

এদিকে, পরীক্ষার খাতা দেখার পদ্ধতি সঠিক আছে কি না তা ইতিপূর্বে কখনো খতিয়ে দেখা হয়নি উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানালেন, এবার তা রেন্ডম স্যাম্পলিং করে খতিয়ে দেখা হবে। বোর্ডগুলোতে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  

আর্কাইভ