• ঢাকা বুধবার
    ১৯ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

এবার স্কুল সংস্কারের দাবিতে মাঠে নামল ‘ককরোচ জনতা পার্টি’

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ০২:৪৮ পিএম

এবার স্কুল সংস্কারের দাবিতে মাঠে নামল ‘ককরোচ জনতা পার্টি’

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সরকারি স্কুলগুলোর বেহাল দশা তুলে ধরে সংস্কারের দাবিতে নতুন আন্দোলন শুরু করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। তবে স্কুলের অবস্থা দেখতে যাওয়ার পর এক কর্মীর ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রাণ গেছে তার বাবার। এ ঘটনায় আন্দোলনকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত ১৩ আগস্ট পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার করিসুন্দা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে যান ২৬ বছর বয়সী আবদুল হাফিজ। এটি তারই পুরোনো স্কুল। সরকারি স্কুলগুলোর অবস্থা যাচাইয়ের আন্দোলনের অংশ হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন।

অভিযোগ রয়েছে, স্কুল পরিদর্শনের কয়েক ঘণ্টা পর স্থানীয়ভাবে ক্ষমতাসীন দল বিজেপির শুভেন্দুর কর্মীরা হাফিজের বাড়িতে গিয়ে তাকে ও তার বাবা মোহাম্মদ মাফিককে মারধর করেন। গুরুতর আহত হওয়ার দুই দিন পর ৫১ বছর বয়সী মাফিক মারা যান।

তবে রাজ্যের শীর্ষ এক বিজেপি নেতা হামলাকারীদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন। একই সঙ্গে ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

বাবাকে হারিয়েও আন্দোলন থেকে সরে দাঁড়াতে চান না হাফিজ। তিনি বলেন, বাবার জন্য ন্যায়বিচার চাইবেন, পাশাপাশি সরকারি স্কুলের উন্নতির দাবিও চালিয়ে যাবেন।

এর আগে দীর্ঘ আন্দোলনের পর দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে চাপ সৃষ্টি করে আলোচনায় আসে ‘ককরোচ জনতা পার্টি’। এরপর সংগঠনটির নেতারা সমর্থকদের নিজ নিজ এলাকার সরকারি স্কুলের অবস্থা যাচাই করার আহ্বান জানান।

তাদের নতুন কর্মসূচিতে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো—বিশুদ্ধ পানির ব্যবস্থা ও কার্যকর শৌচাগার, বিদ্যুৎ ও ব্যবহারযোগ্য শ্রেণিকক্ষ, বিদ্যালয়ের সীমানা ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মধ্যাহ্নভোজ ও শিক্ষকদের নিয়মিত উপস্থিতি।

এদিকে রাজস্থানের আলওয়ার জেলায় সংগঠনটির এক নেতা শিক্ষার্থীদের নিয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ, পরিষ্কার শৌচাগার ও বিশুদ্ধ পানির দাবিতে অবস্থান কর্মসূচি করেন। পরে স্থানীয় কর্মকর্তারা এসব দাবি মেনে নেওয়ার কথা জানান।

তবে এর পরপরই রাজস্থান সরকার সরকারি স্কুলে বাইরের লোকজনের প্রবেশ এবং ছবি বা ভিডিও ধারণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে। শিক্ষার্থীদের গোপনীয়তার কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হলেও, সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তাদের স্কুল পরিদর্শন ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিক্ষাবিষয়ক বিশেষজ্ঞদের মতে, ভারতের অনেক সরকারি স্কুলে এখনো শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা, শিক্ষার মান এবং মধ্যাহ্নভোজের মান নিয়ে নানা অভিযোগ রয়েছে। তবে এসব সমস্যা সমাধানে শুধু আন্দোলন নয়, দীর্ঘমেয়াদি ও কার্যকর সংস্কারও প্রয়োজন বলে মনে করছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে ‘ককরোচ জনতা পার্টি’ এখন দেশের বিভিন্ন এলাকায় সমর্থকদের মাধ্যমে সরকারি স্কুলের সমস্যা তুলে ধরার চেষ্টা করছে। তবে পশ্চিমবঙ্গে হামলার ঘটনায় আন্দোলনকারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

বাধা ও হামলার অভিযোগের মধ্যেও সংগঠনটির নেতারা জানিয়েছেন, সরকারি স্কুলগুলোর জবাবদিহি ও উন্নতির দাবি থেকে তারা সরে আসবেন না।

সূত্র: আল জাজিরা
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ