প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ০২:২৪ পিএম
দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী তিনটি ট্রেন চলাচল আবারও শুরু হতে পারে। ২০২৪ সালে রাজনৈতিক অস্থিরতার পর থেকে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস চলাচল বন্ধ আছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে ঢাকায় দুই দিনব্যাপী বৈঠকে বসছেন বাংলাদেশ ও ভারতের রেলওয়ের কর্মকর্তারা। আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে তিনটি যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচ্য হিসেবে থাকবে।
বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে আলোচনা হবে।’ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে অক্টোবর থেকেই ট্রেনগুলো চালু করা সম্ভব হতে পারে।
বৈঠকে বাংলাদেশ রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত নতুন একটি রেলপথ চালুর প্রস্তাব দিতে পারে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। এছাড়া ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসকে যমুনা সেতুর পরিবর্তে সদ্য নির্মিত পদ্মা সেতু হয়ে চালানোর বিষয়েও আলোচনা হতে পারে।
দুই দেশ সমঝোতায় পৌঁছাতে পারলে আগামী মাস থেকেই তিনটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন ফের চালু হতে পারে। তবে ট্রেন চলাচল শুরুর আগে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে।
২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে আন্দোলনের পর মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়। মিতালী এক্সপ্রেস ২০২৪ সালের ১৭ জুলাই শেষবারের মতো ঢাকায় এসেছিল। এরপর আর ভারতে ফিরে যায়নি।
মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা, বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা এবং মিতালী এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করত। এবার আবারও শুরু হতে পারে দুদেশের এ তিন ট্রেনের চলাচল।