প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ০৮:৫৩ পিএম
জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। শহীদ আবরার ফাহাদ ও শরীফ ওসমান হাদির মতো বীরদের স্মরণে তিনি এই আহ্বান জানান।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকার আত তাকওয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় আয়োজিত ‘৬ষ্ঠ জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা’র বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিগত স্বৈরাচারী শাসনমলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ওপর রাষ্ট্রীয় বৈষম্য ও দমন-পীড়ন চালানো হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী আমলে সুপরিকল্পিতভাবে এ দেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র বাস্তবায়িত হয়েছিল। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ওপর নির্ভরশীল লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষককে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে সমাজের মূলধারা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। শুধু তাই নয়, তাদের ওপর চালানো হয়েছে বহুবিধ অপবাদ, নিপীড়ন ও নির্মম মানসিক নির্যাতন।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশে যাতে আর কোনো দিন সেই অন্ধকার ও বঞ্চনার দিন ফিরে না আসে, সেজন্য প্রতিটি নাগরিককে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বৈষম্যহীন এক ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিকল্প নেই।
বক্তব্যের শেষভাগে সমাজের বর্তমান বাস্তবতায় নৈতিক স্খলন রোধে ধর্মীয় ব্যক্তিত্বদের এগিয়ে আসার তাগিদ দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সমাজে ক্রমবর্ধমান নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের বিপর্যয় ঠেকাতে দেশের বিজ্ঞ আলেম সমাজকেই অগ্রণী দিশারির ভূমিকা পালন করতে হবে।