• ঢাকা শুক্রবার
    ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০২:৪২ পিএম

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলটির জেনারেল ম্যানেজার ও এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে। এরপর ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা।

নাঈমুর রহমানের চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে যান হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসান। এ সময় হামলাকারীরা তাদেরও কুপিয়ে আহত করে। পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।

আহত আব্দুর রাজ্জাক ও হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ হামলায় জড়িত। তবে কী কারণে তাদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের বিরোধ তৈরি হয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার কারণ উদ্‌ঘাটন ও হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
 

আর্কাইভ