• ঢাকা শনিবার
    ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধীদল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৬:২৬ পিএম

আ. লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধীদল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধন করার দরকার হলে সরকার ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে সেটা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২১ নভেম্বর) রংপুরে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ এবং ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, দুই-একটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগ ভেবেছে, আবারও ফ্যাসিবাদী শাসন কায়েম করবে। সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে।

তিনি আরও বলেন, এর অর্থ এই নয় যে, সরকার দুর্বল। গুম-খুন বিএনপির রাজনৈতিক ইতিহাসের অংশ নয়। বিগত অন্তর্বর্তী সরকার তাদের যে নিষিদ্ধ করেছিল, তাদের বর্তমান কর্মকাণ্ডেই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হচ্ছে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক না কেন, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবো। তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে তারা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন। যারা বাংলাদেশকে অন্য কোনো দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের সেই সুযোগ দেওয়া হবে না

তিনি আরও বলেন, বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাবেদারি করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল ও মাথা উঁচু করে দাঁড়ানো রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে অগ্নিসংযোগ বা সহিংসতা চলছে না। একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনা ঘটছে। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে স্থানীয় বিএনপি রেজুলেশনের মাধ্যমে প্রার্থীকে সমর্থন দিতে পারবে। সে ক্ষেত্রে দলের সিদ্ধান্ত ও সমর্থনের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে স্থানীয় বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ