• ঢাকা মঙ্গলবার
    ০৭ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৫:৩৬ পিএম

অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

গাইবান্ধা প্রতিনিধি

বিএনপি আন্দোলনের নামে লাশ ফেলে অশুভ খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

‘সরকারের বিদায় সাইরেন বেজে গেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গত ১৪ বছর ধরেই বিএনপি মহাসচিবের কানে সরকার বিদায়ের সাইরেন বাজছে, জনগণের কানে নয়। শেখ হাসিনার উন্নয়ন-অর্জন দেশের জনগণ ঠিকই দেখতে পায়। বিএনপি নেতারা চোখে কালো চশমা পরে থাকে বলে তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পান, এজন্যই বিএনপি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো উন্নয়ন-অর্জন দেখতে পান না।‍‍`

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের সর্তক থাকতে হবে। মনে রাখবেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।’ জাতিসংঘে বিশ্ব মানবতা এবং মানব সভ্যতার পক্ষে কথা বলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ‘দেশের বাজারে পণ্যদ্রব্য ও জ্বালানি সংকট রয়েছে। তবে এ সংকট সৃষ্টি করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বড় বড় দেশ। আর তার মূল্য দিতে হচ্ছে আমাদের। আপনারা শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। এ সংকট সামাল দিয়ে স্বস্তির বাংলাদেশে তিনি নিয়ে যাবেন।’

জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সৈয়দ-শামস-উল-আলমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা শাজাহান খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রাথী মাহমুদ হাসান রিপন প্রমুখ।

এর আগে সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। পরে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম।

এদিকে দীর্ঘ সাড়ে ছয় বছর পর আজ শনিবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালের ১২ মার্চ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গাইবান্ধা জেলার ৩৮৪ জন কাউন্সিলর অংশ নেন। সম্মেলনে প্রায় ৩০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে নতুন কমিটিতে আবু বকর সিদ্দিককে সভাপতি ও মোজাম্মেল হক মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

জেইউ
 

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ