• ঢাকা বুধবার
    ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল নয়: ইসি মাছউদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:২৬ পিএম

১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল নয়: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি মাছউদ বলেন, বর্তমানে সারা দেশে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’র কাছে অভিযোগ করতে পারবেন।

তিনি বলেন, নির্বাচনে নিয়োজিত কোনো কর্মকর্তা যদি নিজে আইন ভঙ্গ করেন বা কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তার বিরুদ্ধেও ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ করা যাবে। অভিযোগ গুরুতর হলে সরাসরি নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে।

দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এই কমিশনার বলেন, আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো রয়েছে।

দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন, একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা যেন আমাদের সহায়তা করেন।

সম্প্রতি ঢাকা-১৭ আসনের এক প্রার্থীর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে অপেশাদার আচরণের বিষয়ে ইসি মাছউদ বলেন, এটি সম্পূর্ণই তদন্তের বিষয়। কেউ যদি ক্ষুব্ধ হন, তাহলে তিনি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ দায়ের করতে পারেন। কমিটি যদি ঘটনার সত্যতা পায় এবং কোনো ব্যক্তি, প্রার্থী বা ভোটার আচরণবিধি ভঙ্গ করেছেন বলে প্রমাণিত হয়, তাহলে তারা কমিশনের কাছে সুপারিশ করবে।

পরবর্তীতে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ