প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৬:০২ পিএম
বিএনপিকে জড়িয়ে ‘দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন’ বলা পতিত ফ্যাসিস্টদের ভাষা বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট দলের নেতারা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে এই অপপ্রচারের বয়ান শুরু করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ২০০১ থেকে ২০০৬ মেয়াদে বিএনপি সরকারের সময় ওই নির্দিষ্ট রাজনৈতিক দলেরও দুজন সদস্য সরকারে ছিলেন। সেই সময়ে অর্জিত সাফল্য ও পরিস্থিতির দায় বা কৃতিত্ব এড়িয়ে এখনকার অপপ্রচারে লিপ্ত হওয়াকে তিনি ‘দ্বিচারিতা’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘পতিত ফ্যাসিস্টদের সুরেই নির্দিষ্ট দলের নেতারা এখন কথা বলছেন, যা তাদের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’
দুর্নীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ২০০১ সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন আগের সরকারের দুর্নীতির স্কোরকে সুকৌশলে বিএনপির ওপর চাপিয়ে দেয়া হয়েছিল। কিন্তু বিএনপির শাসনকালে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতির উন্নয়ন ঘটানো হয়।
মাহদী আমিনের দাবি, ২০০৬ সালে যখন বিএনপি ক্ষমতা ছাড়ে, তখন দুর্নীতির সেই স্কোরকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে আসা হয়েছিল।
নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সংগ্রহের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) যে সতর্কবার্তা ও আইনি ব্যবস্থার উদ্যোগ নিয়েছে, তাকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি।
মাহদী আমিন বলেন, ‘নির্বাচন কমিশনের এই সময়োপযোগী সতর্কবার্তার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ভোটারদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং স্বচ্ছ নির্বাচনের স্বার্থে এমন পদক্ষেপ অত্যন্ত জরুরি।’
গুলশানের এই বৈঠকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন, যেখানে আগামী নির্বাচনে প্রচারণা ও সাংগঠনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।