• ঢাকা সোমবার
    ২৩ মার্চ, ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

সঠিক ধারায় ফিরে না আসলে মানুষ ক্ষমা করবে না: সরকারকে বিরোধীদলীয় নেতা

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৭:১২ পিএম

সঠিক ধারায় ফিরে না আসলে মানুষ ক্ষমা করবে না: সরকারকে বিরোধীদলীয় নেতা

মৌলভীবাজার প্রতিনিধি

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি। যাতে দেশটা অচল না হয়। আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন তাহলে সারা দেশের মানুষ কিন্তু জুলাই যোদ্ধা; এই মানুষগুলো আপনাদের ক্ষমা করবে না।

মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরায় গ্রামের বাড়িতে ঈদের ৩য় দিন সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির। তাকে কুলাউড়ার নিজ বাড়িতে স্বাগত জানান- কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ও কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ঈদের সময় যাত্রীরা টিকেট কিনতে গিয়ে দেখেছেন অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজি। যে আশা নিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করবে, সেমাই খাবে তার আনন্দ তো এখানেই মাটি হয়ে গেল।

জনগণের সঙ্গে ধোঁকাবাজি চলছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, মন্ত্রী বলেছেন- অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হবে। এতো মানুষ ঢাকা ছেড়েছে। তাদের টাকা ফেরত দিতে তাদের পাবেন কিভাবে?

তিনি আরও বলেন, সরকার বিরোধীদলীয় নেতাকে যে বাড়ি দিয়েছে সেই বাড়িতে থাকব না। এটি ব্যবহার করব দেশের প্রয়োজনে। সেখানে বিদেশি মেহমানদের নিয়ে কথা বলব। শুধু রাষ্ট্রের কাজে এটি ব্যবহার করা হবে।

প্রাণবন্ত এ শুভেচ্ছা বিনিময়ে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট মহানগরী নায়েবে আমির হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খান, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমির মো. আব্দুল মান্নান, সিলেট মহানগরী মজলিশে শুরা সদস্য আব্দুস সালাম আল মাদানী, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার এম সাহেদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামির আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, দক্ষিণ সুরমার সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমেদ, ফেঞ্চুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সাবেক জেলা সেক্রেটারি খন্দকার আব্দুস সোবহান ও আব্দুল হামিদ খান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মোন্তাজিম, উপজেলা  নায়েবে আমির  জাকির আহমেদ, উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, উপজেলা শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, জেলা ছাত্রশিবির সভাপতি মো. ফরিদ উদ্দিন, শহর সভাপতি কাজী দাইয়ান আহমেদ প্রমুখ।

কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মোন্তাজিম বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে ঈদের প্রচণ্ড ব্যস্ততার মাঝেও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজ এলাকায় আসায় জনগণ খুশি। বাড়িতে প্রবেশের আগে তিনি নিজ গ্রামের কবরস্থানে গিয়ে জিয়ারত করেন। বিশাল মোটরসাইকেল বহর নিয়ে অভ্যর্থনা জানানো হয়। আজ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ৪ হাজার মানুষ উপস্থিত ছিলেন। মেহমানের সঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন ডা. শফিকুর রহমান।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ