• ঢাকা সোমবার
    ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

লংমার্চে হামলার ঘটনা ঘটলে সেই দায় সরকারের: গোলাম পরওয়ার

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ০৮:১২ পিএম

লংমার্চে হামলার ঘটনা ঘটলে সেই দায় সরকারের: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চের অনুমতি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে নেয়া হয়েছে। তাই কোথাও হামলার ঘটনা ঘটলে, সেই দায় সরকারের ওপর বর্তাবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। লংমার্চ ঘিরে নেতিবাচক সমালোচনা বন্ধের আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা।

সভায় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী হুঁশিয়ারী দেন, ‎লংমার্চে যদি কোথায়ও বাধা আসে, সেই বাধা উপেক্ষা করে ১১ দল এগিয়ে যাবে। কোনো বাধাই এই লংমার্চ আটকাতে পারবে না। কেউ বাধা দেয়ার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার নিশ্চিতে এই লংমার্চ। জনগণকে স্বস্তি দিতে ৬ দফা দাবি নিয়ে মাঠে নেমেছে ১১ দল। গণভোট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ১১ দলের ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিরোধীদল রাজপথে থাকবে।

তারা অভিযোগ করেন, ৫ তারিখ লক্ষ্য করে ঢাকা-চট্টগ্রাম সড়কে কৃত্রিম জ্যাম তৈরি করা হবে বলে জানা গেছে। কোনো কৃত্রিম জ্যাম তৈরি না করে, দাবি মেনে জনগণের পক্ষে থাকুন।

আর্কাইভ