প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ১০:৪৬ পিএম
সাংস্কৃতিক আগ্রাসন বিস্তৃত করতে স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করেছে বিগত সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে মরমি সাধক লালন সাঁইয়ের ১০৬তম তিরোধান দিবস উপলক্ষে কালচার ফর ইউনিটি বাংলাদেশ আয়োজিত `লালন তিরোধান উৎসবে` যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ১৭ বছর সাংস্কৃতিক আগ্রাসন হয়েছে, সংস্কৃতিকে আজ্ঞাবাহী ও একমুখী করার চেষ্টা হয়েছে। বাংলাদেশের সিনেমা হলে বিনা বাধায় ভারতের সিনেমা চলবে, এমন সিদ্ধান্ত ছিল বড় ধরনের সাংস্কৃতিক আগ্রাসন। তার অভিযোগ, কোনো বুদ্ধিজীবী এটার প্রতিবাদ করেননি।
এসময় তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের `বাংলাদেশের মতো সহিংসতার মাধ্যমে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে আন্দোলনকারীরা`- এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন।
তিনি বলেন, সরকার পরিবর্তন জনগণের উত্থান না হলে হয় না। নিজেদের কথা বলতে গিয়ে যে উদাহরণ দেওয়া হচ্ছে তা ভুল তত্ত্ব বলেও মনে করেন রিজভী।