• ঢাকা শুক্রবার
    ০৫ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাজিলের গোল অফসাইডে বাতিল

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২, ১১:৩২ পিএম

ব্রাজিলের গোল অফসাইডে বাতিল

ক্রীড়া ডেস্ক

প্রথমার্ধে একের পর এক আক্রমণ শাণিয়েও গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। আক্রমণের ধার বাড়াতে তাই দ্বিতীয়ার্ধের শুরুতেই পাকুয়েটার পরিবর্তে রদ্রিগোকে নামান তিতে। ফ্রেডের পরিবর্তে নামেন ব্রুনো গুইমারেসকে। তাতে জালের দেখাও পেয়ে যায় ব্রাজিল। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোল অফসাইডের কারণে বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এবারের কাতার বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার বলা হয় লাতিন আমেরিকার দেশ ব্রাজিলকে। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আক্রমণে তেমন ধার দেখা যায়নি নেইমারবিহীন ব্রাজিলকে। ফলে সুইসদের রক্ষণের কাছে বার বার পরাস্ত হয়ে বল দখলে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সেলেসাওরা।

দোহার স্টেডিয়াম ৯৭৪ এ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। দ্বাদশ মিনিটে আসে প্রথম সুযোগ। কিন্তু গোললাইনের একদম কাছ থেকে রিচার্লিসনের বাড়ানো বলটা ভিনিসিয়াসের কাছে পৌঁছানোর আগেই ক্লিয়ার করে দেন এলভেদি।

সবচেয়ে সহজ সুযোগটা মিস করেছেন ভিনিসিয়াস। ২৭তম মিনিটে রাফিনহার ক্রস থেকে পাওয়া বল থেকে শুধু কোণাকুনি শট নিতে পারলেই পেতে পারতেন গোল, কিন্তু এমন সুযোগ পেয়েও বল ঠিকঠাক ছোঁয়াতেই পারলেন না রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

১৯তম মিনিটে সুইস ডিফেন্ডারদের বোকা বানিয়ে সুযোগ তৈরি করেন ভিনিসিয়াস। কিন্তু পাকুয়েটার বাড়ানো বল ঠিকঠাক রিসিভ করতে পারেননি রিচার্লিসন। আবারও বল ক্লিয়ার করেন এলভেদি।

ব্রাজিলের একের পর এক আক্রমণ সত্ত্বেও সুযোগ পেলেই প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করেছে সুইজারল্যান্ড। তবে ভালো ফিনিশিংয়ের অভাবে বলার মতো তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না সোউ-এম্বোলোরা। সবচেয়ে ভালো সুযোগটা এসেছিল ৩৯ তম মিনিটে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও দুরূহ কোণের কারণে শট নিতে দেরি করে ফেলেন ভার্গাস, বল ক্লিয়ার করে ফেলেন থিয়েগো সিলভা।

আইএ/এএল

 

আর্কাইভ