প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১০:৫৪ এএম
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও এর জেরে হওয়া ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, ইরানি হামলা প্রতিহত করতে গিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ত্রুটির কারণেই ওই ক্ষতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরানই।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী টার্মিনালে হামলা ও ক্ষয়ক্ষতির জন্য ইরান দায়ী নয় বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে বুধবার (৩ জুন) জানানো হয়, ক্ষয়ক্ষতির কারণ ছিল যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ত্রুটি।
আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, তদন্তে দেখা গেছে, আইআরজিসি কুয়েত বিমানবন্দরের টার্মিনালকে লক্ষ্য করে কোনও হামলা চালায়নি। তিনি বলেন, ‘কুয়েত বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাতের ঘটনা নিয়ে আমাদের তদন্তে দেখা গেছে, আইআরজিসির মহাকাশ বাহিনী ওই লক্ষ্যবস্তুতে কোনও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি।’
মোহেব্বির দাবি, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়ার পর একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র টার্মিনালের ওপর পড়ে যাওয়ায় এই ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ব্যবস্থার ত্রুটির কারণে কুয়েত বিমানবন্দরের যাত্রী টার্মিনাল ধ্বংস হয়েছে।’
এর আগে বুধবার আইআরজিসি দাবি করে, দক্ষিণ কেশম দ্বীপে তাদের একটি যোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তরে হামলা চালিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এই দাবি নাকচ করে দেয়। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় সেন্টকম জানায়, বিমানবন্দরের ক্ষয়ক্ষতি কোনও মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার কারণে হয়নি।
সেন্টকমের ভাষায়, ‘এটা সম্পূর্ণ মিথ্যা’। তাদের দাবি, ইরান ‘ইচ্ছাকৃত, পরিকল্পিত এবং অযৌক্তিক’ হামলার মাধ্যমে ড্রোন ব্যবহার করে বেসামরিক বিমানবন্দরটিকে লক্ষ্যবস্তু করেছে।