• ঢাকা সোমবার
    ০৮ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ট্রাম্পের ইরান হামলার ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১০:৫৫ এএম

ট্রাম্পের ইরান হামলার ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক হামলা চালানোর ক্ষমতা সীমিত করতে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস করেছে। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো যাবে না—এমন আহ্বান জানিয়ে বুধবার (৩ জুন) ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাবটি ২১৫-২০৮ ভোটে গৃহীত হয়।

ভোটাভুটিতে ডেমোক্র্যাটদের সঙ্গে চারজন রিপাবলিকান সদস্যও প্রস্তাবটির পক্ষে ভোট দেন। উভয় কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও প্রস্তাবটি পাস হওয়াকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

প্রস্তাবে চলমান ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। তবে এটি এখনই আইনে পরিণত হচ্ছে না। কার্যকর হওয়ার জন্য প্রস্তাবটি সিনেটেও পাস হতে হবে। পাশাপাশি প্রেসিডেন্টের সম্ভাব্য ভেটো অতিক্রম করতে উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন হবে।

বিশ্লেষকদের মতে, আইনে পরিণত হওয়ার সম্ভাবনা সীমিত হলেও প্রস্তাবটি ট্রাম্প প্রশাসনের সামরিক নীতির বিরুদ্ধে কংগ্রেসের অসন্তোষের স্পষ্ট বার্তা বহন করছে। এর আগে একই ধরনের তিনটি উদ্যোগ প্রতিনিধি পরিষদে ব্যর্থ হয়েছিল।

সমালোচকদের অভিযোগ, ট্রাম্প কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই ইরানে সামরিক অভিযান শুরু করেন এবং সংঘাতকে ‘স্বল্পমেয়াদি সামরিক অভিযান’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। তবে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে ন্যস্ত।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। আগামী শনিবার এ সংঘাতের ১০০ দিন পূর্ণ হবে। যদিও গত ৮ এপ্রিল থেকে উভয় পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও এই সময়ের মধ্যে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ