• ঢাকা মঙ্গলবার
    ০২ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
উচ্চমূল্যের চাপ পুরোপুরি কাটেনি

এলপি গ্যাসের দাম কমলেও স্বস্তি কতটা?

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৭:৩৩ পিএম

এলপি গ্যাসের দাম কমলেও স্বস্তি কতটা?

সিটি নিউজ ডেস্ক

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)-এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা করা হয়েছে।

মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিইআরসি। নতুন দাম অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারে ভোক্তারা আগের তুলনায় ৫৫ টাকা কম দামে গ্যাস কিনতে পারবেন।

এদিকে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তবে সাম্প্রতিক মাসগুলোতে এলপি গ্যাসের দামে বড় ধরনের অস্থিরতা দেখা গেছে। গত ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগে ২ এপ্রিল আরও ৩৮৭ টাকা বাড়িয়ে দাম ১ হাজার ৭২৭ টাকা করা হয়। ফলে মাত্র ১৭ দিনের ব্যবধানে দুই দফায় ১২ কেজির সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল।

সর্বশেষ ঘোষণায় দাম কিছুটা কমলেও তা এখনও আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে। ফলে নতুন মূল্য নির্ধারণ ভোক্তাদের জন্য সামান্য স্বস্তি বয়ে আনলেও এলপি গ্যাসের উচ্চমূল্যের চাপ পুরোপুরি কাটেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আর্কাইভ