প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৮:২৮ পিএম
পাবনা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আলী আছগার বলেছেন, `এক সময় দল পালার জন্য সরকারের টিআর-কাবিখা প্রকল্প দেয়া হতো। ওই টাকা দিয়ে দল পরিচালনা করা হতো। এখন থেকে টিআর-কাবিখা প্রকল্পের টাকায় মসজিদ, মন্দির, গির্জার উন্নয়নে ব্যয় করা হবে। কোন প্রকল্প থেকে সিংগেল পয়সাও আমার পকেটে ঢুকবে না।`
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পাবনার চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আলী আছগার আরো বলেন, `আমার কাজের কোন বৈষম্য থাকবে না। সরকারের ভালো কাজে আমরা সহযোগিতা করবো। মন্দ কাজের সমালোচনা করবো। সরকারের সকল সিদ্ধান্ত ভালো হলেও বাস্তবায়নে নানা ত্রুটি থাকে। চাটমোহর বড় উপজেলা হিসেবে বরাদ্দ বেশি থাকবে।`
তিনি বলেন, `মাদকের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে, ভূমি অফিসের দুর্নীতির ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। মহান আল্লাহ তা`আলা আমাকে যে এত বড় দায়িত্ব দিয়েছেন সেই আমানত আমি যেন রক্ষা করতে পারি। সে জন্য সকলের দোয়া এবং সহযোগিতা চাই।`
চাটমোহর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বুলবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, জামায়াতে ইসলামি চাটমোহর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হামিদ, সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মিস্টার ইগনাসিউস গমেজ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা প্রমুখ।
সভায় বক্তারা চাটমোহরে নির্বাচন পরবর্তী সহিংসতা, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উন্নতি, চিকিৎসক নিয়োগ, রমজানে বাজার মনিটরিং, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতামত ব্যক্ত করেন।