প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ১২:৪৯ পিএম
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আটকা পড়া আরও ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ত্যাগ করেছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করে।
টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেক ভ্যালিতে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েছিলেন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় সেনাবাহিনীর সহায়তায় ১৫০ জন পর্যটক নিরাপদে সাজেক ত্যাগ করেন।
বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় দ্বিতীয় দফায় আরো ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর এসকর্টে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেন। অবশিষ্ট প্রায় ১০০ জন পর্যটককেও পর্যায়ক্রমে নিরাপদে সাজেক থেকে সরিয়ে নেওয়া হবে।
গত মঙ্গলবার (৭ জুলাই) টানা বর্ষণ, ভূমিধস ও সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকির কারণে জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।