• ঢাকা মঙ্গলবার
    ১০ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

যুদ্ধের শেষ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়: আইআরজিসি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৯:৪১ এএম

যুদ্ধের শেষ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধের শেষ কবে হবে তা ইরানের সশস্ত্র বাহিনীই নির্ধারণ করবে বলে ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, “যুদ্ধের শেষ কখন হবে তা আমরাই নির্ধারণ করব, যুক্তরাষ্ট্র নয়।” একই সঙ্গে তারা দাবি করে, অঞ্চলটির ভবিষ্যৎ পরিস্থিতি এখন ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে এবং মার্কিন বাহিনী এ যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই শেষ হতে পারে। তার ওই বক্তব্যের পরই আইআরজিসির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া আসে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হতে পারে। 

আইআরজিসির এক মুখপাত্র বলেন, ইরানের ওপর হামলা চলতে থাকলে অঞ্চল থেকে “এক লিটার তেলও” রপ্তানি করতে দেওয়া হবে না।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত করার চেষ্টা করে, তাহলে দেশটিকে “মৃত্যু, আগুন ও ক্রোধের” মুখোমুখি হতে হবে। এমনকি প্রয়োজন হলে আগের তুলনায় “২০ গুণ বেশি শক্তিশালী” হামলারও হুমকি দেন তিনি।

এদিকে আইআরজিসি দাবি করেছে, তাদের বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের ১০টি উন্নত রাডার ব্যবস্থা ধ্বংস করেছে এবং কয়েকটি ব্যয়বহুল ড্রোন ভূপাতিত করেছে।


আইআরজিসি আরও অভিযোগ করেছে, ইরানের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়েছে—এমন দাবি করে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা তথ্য দিচ্ছেন এবং জনমত বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

একই সঙ্গে ইরান ক্ষেপণাস্ত্র হামলা কমিয়েছে—এমন দাবিও নাকচ করেছে আইআরজিসি। তাদের দাবি, এখন আগের তুলনায় আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, যেগুলোর ওয়ারহেডের ওজন এক টনেরও বেশি।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ