• ঢাকা সোমবার
    ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না: ট্রাম্প

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৯:০৮ এএম

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের নতুন যেকোনও নেতাকে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে, অন্যথায় তিনি ‘টিকতে পারবেন না’।

এই মন্তব্যকে কৌশলগত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, ভবিষ্যতে যেন যুক্তরাষ্ট্রকে আবারও ইরানের সঙ্গে নতুন কোনো সংঘাতে জড়াতে না হয়, সেটাই তিনি চান। ট্রাম্প বলেন, ‘আমি চাই না কাউকে পাঁচ বছর পর ফিরে এসে আবার একই কাজ করতে হোক বা তাদের (ইরানের) হাতে পারমাণবিক অস্ত্র চলে যাক।”

ইরানের কর্মকর্তারা ট্রাম্পের এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের পরবর্তী নেতা নির্বাচন করা ‘শুধুমাত্র ইরানের জনগণের বিষয়’। সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপ নাকচ করে দেন তিনি।

ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আহমাদ আলামোলহোদা জানান, অ্যাসেম্বলি অব এক্সপার্টস ইতোমধ্যেই আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি নির্বাচনের বিষয়ে ভোট দিয়েছে। তবে তিনি কোনো নাম প্রকাশ করেননি।

এর আগে ট্রাম্প আরেক মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, এই নির্বাচন প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে জড়িত থাকতে চান তিনি। একই সঙ্গে সম্ভাব্য সর্বোচ্চ নেতা হিসেবে আলোচিত খামেনির ছেলে মুজতবা খামেনিকে ‘দুর্বল’ আখ্যা দেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তার উত্তরসূরি হিসেবে ছেলে মুজতবা খামেনির নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে।

সূত্র: আনাদোলু

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ