প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৫:৫৯ পিএম
দেশের ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও সেবায়েতদের জন্য মাসিক ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা এবং মন্দির, বৌদ্ধ বিহার ও খ্রিস্টান চার্চের জন্য ৮ হাজার টাকা করে ভাতা বরাদ্দ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
রোববার (৮ মার্চ) দুপুরে সচিবালয়ে ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত-সেবাইতদের মাসিক ভাতা নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান।
জনপ্রশাসন উপদেষ্টা জানান, প্রতিটি মসজিদের ১০,০০০ টাকার মধ্যে ইমাম ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা এবং খাদেম ২,০০০ টাকা। আর মন্দিরের ৮,০০০ টাকার মধ্যে পুরোহিত ৫,০০০ টাকা এবং সেবাইত ৩,০০০ টাকা। বৌদ্ধ বিহারের ৮,০০০ টাকার মধ্যে বিহার অধ্যক্ষ ৫,০০০ টাকা এবং উপাধ্যক্ষ ৩,০০০ টাকা। এছাড়াও খ্রিস্টান চার্চের জন্য ৮,০০০ টাকার মধ্যে পালক/যাজককে ৫,০০০ টাকা, সহকারী পালক/যাজককে ৩,০০০ টাকা।
তিনি আরও জানান, প্রতি বছর ধর্মীয় উৎসবে মসজিদে কর্মরতদেরকে ঈদুল ফিতর ও আযহার ক্ষেত্রে ১,০০০ টাকা করে বছরে দুইবার এবং দুর্গা পুজা/বৌদ্ধ পূর্ণিমা/বড় দিন এর ক্ষেত্রে ২,০০০ টাকা করে বোনাস প্রদান করতে হবে। তবে, যে সকল মসজিদ সরকারি ও দেশি-বিদেশি সংস্থা কর্তৃক অনুদান প্রাপ্ত, সেসব ধর্মীয় প্রতিষ্ঠান উক্ত সুবিধার বাইরে থাকবে। একইসঙ্গে এই সম্মানি প্রদানের ক্ষেত্রে চলতি অর্থবছরে মার্চ-জুনে ২৪ চব্বিশ কোটি ৫৭ সাতান্ন লক্ষ টাকা প্রয়োজন হবে।