প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৪:৪৭ পিএম
মধ্যপ্রাচ্যে বিরাজমান চরম উত্তেজনার মধ্যে কুয়েতের আকাশসীমায় অনুপ্রবেশ করা আটটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির ন্যাশনাল গার্ড।
বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে কুয়েতের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এ পদক্ষেপের কথা জানানো হয়।
কুয়েত ন্যাশনাল গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাদান ফাদেল জাদান জানান, একটি বিশেষ টাস্কফোর্সের সুরক্ষিত এলাকার মধ্যে ড্রোনগুলোকে বাধা দেওয়া এবং ভূপাতিত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তা জোরদার, গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় আমাদের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলো থেকে আটটি ড্রোন নামিয়ে আনা হয়েছে।’
কুয়েতের এ ঘোষণার আগে বুধবার (১১ মার্চ) সকালেই কাতার এবং সৌদি আরব তাদের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টার কথা জানায়। দেশ দুটির দাবি অনুযায়ী, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরান থেকে ছোড়া এসব হামলা প্রতিহত করেছে।
পারস্য উপসাগরীয় দেশগুলোতে ইরানের এ সম্ভাব্য বিমান হামলার প্রেক্ষাপটে কুয়েত তাদের নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল জাদান জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ‘ন্যাশনাল গার্ড, সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিস যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় পুরোপুরি প্রস্তুত রয়েছে।’