• ঢাকা শনিবার
    ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

ইরানের সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠকের আশা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১০:৫৩ এএম

ইরানের সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠকের আশা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহেই ইরানের সাথে বৈঠকে বসার আশা করছে। একই সাথে ওয়াশিংটন সেখানেই ১৫-দফা চুক্তির বিষয়ে জবাব পাওয়ার প্রত্যাশা করছে।

এদিকে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় অন্তত ১২ জন আমেরিকান সেনা সদস্য আহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানাচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, অন্তত দুজন সৈন্য ‍‍`খুব গুরুতরভাবে আহত‍‍` হয়েছেন এবং হামলার সময় তারা ঘাঁটির একটি ভবনের ভেতরে ছিলেন।

তবে এর আগে বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস নিউজ একটি সূত্রকে উদ্ধৃত করে ১০ জন আহতের তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সফলভাবে এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র "ইরানকে চূর্ণ করছে"।

ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়ার খবর অনুযায়ী, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল দেশটির বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

তিনি বলেছেন, ইরানের দুটি বড় ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎ কেন্দ্র ও বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা হয়েছে এবং তার দেশ এর যথাযথ জবাব দেবে।

উপসাগরীয় কয়েকটি দেশ নতুন করে হামলা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটি ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।

তারা ইরান থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ কিংবা ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে।

এদিকে বিবিসিকে বিভিন্ন সূত্র জানিয়েছে, তেহরানে রাতভর শহরের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে।

ইরানের গণমাধ্যমগুলোও জানিয়েছে যে, রাজধানীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ