• ঢাকা মঙ্গলবার
    ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

ইসলায়েলি বাহিনীকে লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা, হাতাহতদের সরিয়ে নিলো হেলিকপ্টারে

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৯:৩০ এএম

ইসলায়েলি বাহিনীকে লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা, হাতাহতদের সরিয়ে নিলো হেলিকপ্টারে

আন্তর্জাতিক ডেস্ক

হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তারা একাধিক প্রতিরক্ষামূলক অভিযান চালিয়েছে এবং এতে ইসরায়েলি বাহিনী ক্ষতির মুখে পড়েছে। তাদের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে, যাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে।

সংগঠনটি সোমবার রাতে এক বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের আল-বায়াদা, রিশাফ এবং তাইর হারফা এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের অবস্থান লক্ষ্য করে রকেট, আর্টিলারি শেল এবং বিস্ফোরক ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, রিশাফ এলাকায় একটি মেরকাভা ট্যাংক, পাশাপাশি কয়েকটি প্রকৌশল যান, একটি সাঁজোয়া যান এবং ডি৯ বুলডোজার লক্ষ্য করে আঘাত হানা হয়। নাকুরা ও আল-বায়াদা সড়কের কাছেও সামরিক যানবাহনকে লক্ষ্য করা হয়।

তাইবে এলাকায় পৃথক এক অভিযানে তিন ধাপে ড্রোন হামলা চালিয়ে একটি বাড়িকে লক্ষ্য করা হয়, যেখানে ইসরায়েলি সেনারা অবস্থান করছিল বলে দাবি করা হয়। এতে হতাহতের ঘটনা ঘটে এবং আহতদের হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানায় সংগঠনটি।

এছাড়া দেইর সিরিয়ানে নদীর আশপাশ এবং ওদাইসে ও আল-বায়াদা এলাকায় নতুনভাবে স্থাপিত সামরিক অবস্থান ও সেনা সমাবেশ লক্ষ্য করেও হামলার দাবি করেছে হিজবুল্লাহ।

সংগঠনটি আরও জানায়, টাইর অঞ্চলের আকাশে একটি ইসরায়েলি নজরদারি ড্রোন তারা ভূপাতিত করেছে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কিছু এলাকায় ড্রোন হামলায় তাদের সেনা আহত হওয়ার কথা জানিয়েছে এবং স্থানীয়দের নির্দিষ্ট কিছু এলাকায় প্রবেশ না করার সতর্কতা দিয়েছে।

হিজবুল্লাহ দাবি করেছে, এসব অভিযান যুদ্ধবিরতি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের বেসামরিক এলাকায় চলমান হামলার জবাবে চালানো হয়েছে। তারা বলছে, ইসরায়েলি বাহিনী এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে কিছু এলাকায় উপস্থিত রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে সংঘাতে বহু মানুষ নিহত এবং বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র: প্রেস টিভি

আর্কাইভ