প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০১:৩৬ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশীদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির করা হয়েছে।
রোববার (১৭ মে) ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল তাকে সাজা ভোগের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেবেন বলে জানা গেছে। এর আগে মোহাম্মদপুর থানা থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গতকাল শনিবার (১৬ মে) সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলায় হাসিবুর রশীদকে ১০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। মামলায় তার বিরুদ্ধে আবু সাঈদকে হত্যায় উস্কানি, প্ররোচনা, সহযোগিতা এবং দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়।
ট্রাইব্যুনালে বিচার চলাকালে শুরু থেকেই তিনি পলাতক থাকায় তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আইনি লড়াই পরিচালনা করেন।