• ঢাকা সোমবার
    ১৫ জুন, ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ১১:১৪ পিএম

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সিটি নিউজ ডেস্ক

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে আজ রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৪ জুন) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে ওই সব অঞ্চলের নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত কয়েক দিনের তীব্র গরমের পর এমন ঝড়-বৃষ্টির পূর্বাভাসে এসব অঞ্চলের জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঝড়ের সময় বজ্রপাত ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ