প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৪:৩০ পিএম
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ২১ হাজার ৬৫২টি দেওয়ানি ও ১৭ হাজার ৬১টি ফৌজদারি মামলাসহ সর্বমোট ৩৮ হাজার ৭১৩টি মামলা বিচারাধীন রয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সংসদে টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি জানান, হাইকোর্ট বিভাগে ১ লাখ ১ হাজার ১৬৮ দেওয়ানি ও ৪ লাখ ২১ হাজার ১৬৩টি ফৌজদারি মামলাসহ সর্বমোট ৫ লাখ ২২ হাজার ৩৩১টি মামলা বিচারাধীন রয়েছে। ২০২৫ সালে আপীল বিভাগে ৭ হাজার ৫৫৩টি এবং, হাইকোর্ট বিভাগে ৫৫ হাজার ৭৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।
মন্ত্রী জানান, দেশের অধস্তন আদালতসমূহে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত মোট ৪০ লাখ ৭৮ হাজার ৪৩২টি মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে দেওয়ানি মামলার সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার ৪৪৩টি এবং ফৌজদারি মামলার সংখ্যা ২৩ লাখ ৮৭ হাজার ৯৮৯টি। গত এক বছরে মোট ২ লক্ষ ৭৫ হাজার ৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে দেওয়ানি মামলা ৪৯ হাজার ৭৩টি এবং ফৌজদারি মামলা ২ লক্ষ ২৬ হাজার ১১টি।
মো. আসাদুজ্জামান জানান, বিচার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে ৫৩৬টি বিচারকের পদ সৃজন করা হয়েছে; পাশাপাশি নতুন করে ১৫০ জন সিভিল জজ নিয়োগসহ জুডিসিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে আদালতের সহায়ক কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
সরকার সম্প্রতি ৬৫০টি সিভিল জজ এবং সিনিয়র সিভিল জজ আদালত, ৪০৬টি যুগ্ম দায়রা জজ আদালত, ২০৪টি অতিরিক্ত দায়রা জজ আদালত প্রতিষ্ঠা করেছে। নবপ্রতিষ্ঠিত আদালতের বিপরীতে বিচারকের পদ সৃষ্টির বিষয়টি বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে, যা সম্পন্ন হলে মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা সম্ভব হবে।