• ঢাকা বুধবার
    ১৫ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

শিক্ষার্থীদের ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘিরে নীলক্ষেতে বিজিবি, সায়েন্সল্যাবে পুলিশের কড়া অবস্থান

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৩:১৯ পিএম

শিক্ষার্থীদের ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘিরে নীলক্ষেতে বিজিবি, সায়েন্সল্যাবে পুলিশের কড়া অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষার্থীদের ঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সায়েন্সল্যাব মোড়ে ৫০ জনের বেশি পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে ওই দুই এলাকায় এমন চিত্র দেখা যায়। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 

পরীক্ষা শেষে ঢাকার শিক্ষার্থীরা উত্তরা বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় জড়ো হয়ে সেখান থেকে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল। কর্মসূচিকে কেন্দ্র করেই আইনশৃঙ্খলা বাহিনী আগাম সতর্ক অবস্থান নেয়।

তবে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়ে দুপুর ১টার পরও নীলক্ষেত, সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীদের কোনো অবস্থান বা জমায়েত দেখা যায়নি। 

দুপুর ২টার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, নীলক্ষেত, সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের কোনো উপস্থিতি নেই। অতিরিক্ত মোতায়েন করা পুলিশ ও বিজিবির সদস্যদেরও আর দেখা যায়নি। 

বর্তমানে এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যেও চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেদিন দেশের বিভিন্ন স্থানে কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা যায় পরীক্ষার্থীদের। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তিনি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে উল্লেখ করেছেন—এমন অভিযোগ ওঠে। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে ভুল থাকার ঘটনাও নতুন বিতর্কের জন্ম দেয়।

এসব ঘটনার প্রতিবাদে প্রথমে আট দফা এবং পরে তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে ছিল—অনুকূল পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর দেওয়া এবং শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

মঙ্গলবার রাতে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেন এবং পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন। তবে এতে সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ